
বাবুল হাসান কেশবপুর উপজেলা প্রতিনিধি যশোর
যশোরের কেশবপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ১০ নম্বর সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা (বাবু) সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বৈশাখের ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত হয়ে ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
বৈশাখী এই শোভাযাত্রা কেশবপুরবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।