
বগুড়ায় র্যাবের অভিযানে ৭৭ বোতল ফেয়ারডিলসহ আটক ২ মাদক ব্যবসায়ী
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার সদর উপজেলার বাঘোপাড়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৭ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
র্যাব জানায়, সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লালমনিরহাটের পাটগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে মাদক পরিবহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া সদর থানার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া উত্তরপাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে ডাব্লিউ মার্কেটের সামনে তল্লাশি অভিযান পরিচালনা করে।
এসময় পাটগ্রাম থেকে ঢাকাগামী ‘বিটু হাজী ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. ইব্রাহিম (২৬) ও মো. শাহীন আলম (২৬) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং নগদ ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।