
সাপাহারে সকল শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ নওগাঁ
নওগাঁর সাপাহার উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলার সকল শ্রমিক সংগঠনের সমন্বয়ে দিবসটি উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন করা হয় র্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত।
শুক্রবার (১ মে) সকাল ৮টায় সাপাহার উপজেলা প্রশাসন ও শ্রমিক ঐক্য জোটের উদ্যোগে পৃথক পৃথক ব্যানারে শ্রমিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে প্রথমে জিরো পয়েন্ট এবং পরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, ওসি তদন্ত আলিফ উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সহ-সভাপতি জয়নাল আবেদীন এবং বিএনপি নেতা মোকলেসুর রহমান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (সাপাহার থানা লোড পয়েন্ট), শ্রমিক ফেডারেশন ২৬৫০, উপজেলা যুবদল, খাদ্যগুদাম ও বাজার শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড পরিবহন শ্রমিক ইউনিয়ন, মাইক্রো চালক সমিতি, সিএনজি, অটো ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে শ্রমিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং অধিকার আদায়ের প্রত্যয়ে ছিল দৃঢ় অঙ্গীকার।