
হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
গাজী আলী আকবর শ্যামল, জেলা প্রতিনিধি
হবিগঞ্জে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য দাবি ও শ্রমের মর্যাদা তুলে ধরেন।
দিবসের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গণ নিমতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিকসহ ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
র্যালি ও আলোচনা সভায় জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিত করা, ন্যায্য মজুরি প্রদান, কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠা সময়ের দাবি।এছাড়া হবিগঞ্জের চা শ্রমিকদের জন্য চিকিৎসা, খাদ্য ও বাসস্থানের নির্ভরযোগ্য ব্যবস্থাপনা করার উপর জোর দেওয়া হয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায় এ বছরও শ্রমিক-মালিক ঐক্যের বার্তা নিয়ে হবিগঞ্জে মে দিবস উদযাপিত হয়েছে।