
মোঃ জলিল বিশেষ প্রতিনিধ বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এন্টিভেনম ও জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিন সংকটে সাপে কাটা রোগীদের মৃত্যু বাড়ছে বলে অভিযোগ উঠেছে। জরুরি জীবনরক্ষাকারী চিকিৎসা না থাকায় স্থানীয় স্বাস্থ্যসেবায় চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের যুবক এইচ.এম. সায়েম সাপে কাটা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে এন্টিভেনম না থাকায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। একইভাবে কেদারপুর ইউনিয়নের হানিফ শরীফও সাপে কেটে চিকিৎসার পথে মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে জরুরি এন্টিভেনম ও র্যাবিস ভ্যাকসিন নিয়মিত না থাকায় রোগীদের প্রায় ৪০–৫০ কিলোমিটার দূরের হাসপাতালে নিতে হচ্ছে, ফলে অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পেয়ে মৃত্যু ঘটছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, এন্টিভেনমের চাহিদা পাঠানো হয়েছে কিন্তু পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে জেলা সিভিল সার্জন বলেন, কিছু সংকট থাকলেও দ্রুত সরবরাহের চেষ্টা চলছে।
বিশেষজ্ঞদের মতে, সাপে কাটা রোগীর ক্ষেত্রে প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সময়মতো এন্টিভেনম প্রয়োগ না হলে মৃত্যু ঝুঁকি অনেক বেশি।
এলাকাবাসীর দাবি, দ্রুত এন্টিভেনম ও র্যাবিস ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত না করা হলে এ ধরনের প্রাণহানি থামানো সম্ভব নয়।