
দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস আরএমপি কমিশনারের
অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী।
রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনসেবাকে আরও কার্যকর ও হয়রানিমুক্ত করতে আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
রবিবার (১৭ মে ২০২৬) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, মহানগরীতে মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে পুলিশি কার্যক্রমকে জনবান্ধব, সেবামূলক ও হয়রানিমুক্ত করতে আরএমপির প্রতিটি ইউনিটকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী থানাসহ পুলিশের সব ইউনিটে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন আর্থিক কিংবা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মোহাম্মদ ফয়েজুল কবির আরও বলেন, মামলা দায়ের, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণের মতো সেবাগুলো সহজ ও ভোগান্তিমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
সভায় আরএমপির সব স্তরের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন নতুন পুলিশ কমিশনার। একই সঙ্গে রাজশাহী মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম এবং আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান পিপিএম।
এছাড়াও রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।