
পদ্মায় মৎস্য বিভাগের ঝটিকা অভিযানে ৫৬ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য বিভাগ।বুধবার (২০ মে) সকাল ১১টা হতে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানটির নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:রেজাউল ইসলাম।মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়,পদ্মা নদীর লৌহজং অংশের ঘোড়দৌড় বাজার এলাকা থেকে শুরু করে পদ্মা সেতুর পূর্ব পাশ পর্যন্ত বিশাল এলাকাজুড়ে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন নদী থেকে পেতে রাখা অবস্থায় মালিকবিহীন ৫৬ পিস অবৈধ চায়না দুয়ারী জাল আটক করা হয়। তবে জব্দকৃত এই বিপুল পরিমাণ জাল থেকে তল্লাশি করে কোনো অবৈধ বা নিষিদ্ধ মাছ পাওয়া যায়নি। পরবর্তীতে উপস্থিত কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত এই ক্ষতিকর চায়না দুয়ারী জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:রেজাউল ইসলাম জানান,দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর এবং নিষিদ্ধ জালের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
বিশেষ করে চায়না দুয়ারী জালের মতো মরণফাঁদ,যা নদীর তলদেশের সব ধরনের ছোট-বড় মাছ ও জলজ প্রাণী ধ্বংস করে,তার বিরুদ্ধে কোনো আপস করা হবে না।তিনি নদী ও মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় জেলে ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং আইন মেনে মাছ ধরার আহ্বান জানান।পদ্মা নদীর মৎস্য সম্পদ রক্ষায় আগামীতেও এই ধরণের ঝটিকা অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে মৎস্য বিভাগ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে।