
রাজিবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৫(৫) ধারায় ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ বালিয়ামারী বিওপি সদস্যরা সীমান্ত পিলার ১০৭২/৪-এস হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী ইনসান মোড় এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় গাঁজা ২৫ গ্রামসহ মোঃ রোস্তম আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত রোস্তম আলী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার নামাপাড়া গ্রামের মৃত ইয়ার আলী পন্ডিতের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৫(৫) ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ঘটনায় জব্দকৃত ভারতীয় গাঁজাসহ আটক ব্যক্তিকে চর রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে এবং সীমান্ত সুরক্ষায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।