
দুই ঘণ্টার ব্যবধানে মঠবাড়িয়ায় জোড়া খুন, আটক ২: এলাকায় চরম আতঙ্ক
সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে সংঘটিত এ দুই হত্যার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফ (৩৫)-কে নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অন্যদিকে, একই দিনে উপজেলার ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নে রেডিমেড কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (২৬) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ইউসুফ শরীফ হত্যা ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তবে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো পরিবার থানায় মামলা দায়ের করেনি।
তিনি আরও বলেন, “দুইটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”
পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো মঠবাড়িয়া উপজেলায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।