
রৌমারীর নান্না বিরিয়ানী হাউজে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ, ২০ হাজার টাকা জরিমানা
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি খাবারের প্যাকেটে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১ জুন) উপজেলার নান্না বিরিয়ানী হাউজ থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুদের খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা।
বিষয়টি দেখে তারা তাৎক্ষণিকভাবে সবগুলো প্যাকেট নিয়ে দোকানে ফিরে যান এবং কর্তৃপক্ষকে অবহিত করেন। এ সময় উপস্থিত অন্যান্য ক্রেতারাও বিষয়টি জানতে পেরে খাবার গ্রহণ বন্ধ করে দেন। একপর্যায়ে দোকান এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জনস্বাস্থ্যের স্বার্থে দোকানের একটি পাতিল ভাত ও মাংস নষ্ট করে ফেলার নির্দেশ দেওয়া হয়।
পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় নান্না বিরিয়ানী হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।