
ট্রাইবেকারে চারিশিমুল মৌচাক ফুটবল একাদশের জয়
জামালপুর জেলা প্রতিনিধি।।
মোঃ আজাদ হোসেন নিপুঃ- :
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গার্লস স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত রামদেব বাড়ি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে রামদেব বাড়ি শিমুল-মোবারক ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করেছে চারিশিমুল মৌচাক ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র অবস্থায় শেষ হয়। পরে খেলার ফল নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নেওয়া হয়। ট্রাইবেকারে চারিশিমুল মৌচাক ফুটবল একাদশ অধিক দক্ষতা প্রদর্শন করে জয় নিশ্চিত করে।
ম্যাচটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। খেলাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ জামিল হাসান তাপস। তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় আয়োজক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন এলাকার তরুণরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রামদেব বাড়ি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ স্থানীয় যুবসমাজের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।