
মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃত্যু, এলাকায় শোকের ছায়া
==================================
মোঃ নিরব মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা
===================================
ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ লাহাবিব নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর ৬নং ওয়ার্ডের গ্রামপুলিশ মোঃ মাকসুদ চকিদারের ছোট ছেলে (৩য় সন্তান)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল আনুমানিক ৪:০০ ঘটিকার সময় ঘরের পশ্চিম পাশে থাকা পুকুরের পাড়ে খেলছিল শিশু লাহাবিব। খেলার কোনো এক পর্যায়ে সে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামপুলিশ মাকসুদ চকিদারের ছোট ছেলের এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে পরিবারটিতে চলছে মাতম। নিষ্পাপ এই শিশুর অকাল মৃত্যুতে পুরো রহমানপুর গ্রাম ও সাকুচিয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।