
পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উদ্যোগ
সৈয়দ আল রাজী জোহা, জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি
রোববার (১৪ জুন) দুপুরে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলমসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলাজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপিত গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। গাছকে বাঁচিয়ে রেখে পরিবেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।”
পরিচর্যা ও সংরক্ষণে আহ্বান
এ সময় তিনি বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিভিন্ন প্রজাতির চারা রোপণ
অনুষ্ঠান শেষে জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।