
ক্ষেত্রীপাড়ায় নির্মাণাধীন ব্রিজে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা
মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ক্ষেত্রীপাড়া গ্রামে নির্মাণাধীন একটি ব্রিজের কাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অধীনে ব্রিজটির নির্মাণকাজ চলমান রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে যথাযথ মান বজায় রাখা হচ্ছে না এবং কাজের বিভিন্ন ধাপে অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এছাড়া নির্মাণকাজ চলাকালে বিকল্প চলাচলের ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজ নির্মাণের কারণে শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, বিষয়টি জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারকে একাধিকবার অবহিত করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় ক্ষেত্রীপাড়া গ্রামবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন প্রস্তুত করা হয়েছে। আবেদনে ব্রিজ নির্মাণকাজের গুণগত মান যাচাই, অভিযোগ তদন্ত এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা উদঘাটন এবং জনগণের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।