
বাসাইলে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে|
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে উপজেলার ২৫ জন প্রান্তিক নারীর মাঝে উন্নত জাতের ২৫০টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়|
সোমবার (১৫ জুন) দুপুরে বাসাইল ব্র্যাক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই হাঁসের বাচ্চা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়| এতে প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ১০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হীরা মিয়া| তিনি সুবিধাভোগী নারীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন, রোগ বালাই প্রতিরোধ এবং সঠিক টিকাদান ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন|
ডাঃ হীরা মিয়া তাঁর বক্তব্যে বলেন, “নারীদের অর্থনৈতিক মুক্তি গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখে| ব্র্যাকের এই উদ্যোগ গ্রামীণ নারীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের বাড়তি আয়ের পথ তৈরি করবে| প্রাণিসম্পদ বিভাগ থেকে আমরা এই সুবিধাভোগিদের সব ধরনের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত আছি|”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ এবং এরিয়া ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম| এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউছার আহমেদ এবং ব্র্যাক মাইক্রোফিন্যান্স (দাবি) শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য মাঠ কর্মকর্তাবৃন্দ|
বক্তারা বলেন, প্রান্তিক নারীদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই ব্র্যাক নিরলসভাবে কাজ করে যাচ্ছে| এই হাঁসগুলো সঠিকভাবে লালন-পালন করে নারীরা ডিম ও মাংস বিক্রির মাধ্যমে নিজেদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন|
হাঁসের বাচ্চা পেয়ে সন্তোষ প্রকাশ করে কয়েকজন সুবিধাভোগী নারী জানান, এই হাঁসগুলো সঠিকভাবে লালন-পালন করে তারা ডিম ও মাংস বিক্রির মাধ্যমে নিজেদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন|