
জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় চুরিকৃত সন্তান ফেরতের দাবিতে মানববন্ধন ও ন্যায়বিচারের আকুল আবেদন জানিয়েছেন মোছাঃ তাজমিনা আক্তার। তিনি গাবতলী উপজেলার শালুকগাড়ী গ্রামের বাসিন্দা এবং স্বামী মোঃ হেলাল উদ্দিন।ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ২৮ জুলাই বগুড়ার নুরানী মোড় আইভি ক্লিনিকে তিনি জমজ সন্তান প্রসব করেন। একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম নিলেও ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকেই তার ছেলে সন্তানকে চুরি করে বিক্রি করে দেওয়া হয় বলে তিনি দাবি করেন। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের যোগসাজশের অভিযোগও তুলেছেন তিনি।তিনি জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে ডিএনএ পরীক্ষায় সন্তানের সাথে তার মিল (পজিটিভ রিপোর্ট) পাওয়া গেলেও বিভিন্ন পর্যায়ে প্রতিবন্ধকতা, দুর্নীতি ও জালিয়াতির কারণে তিনি সন্তানের দায়িত্ব ফিরে পাননি।
মামলার বিভিন্ন ধাপে আল্ট্রাসনোগ্রাম, প্রেসক্রিপশন, স্ট্যাম্প ও ডিএনএ রিপোর্টসহ একাধিক জালিয়াতির অভিযোগও তুলে ধরেন তিনি।তাজমিনা আক্তারের দাবি, নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত বিচার প্রক্রিয়ায় নানা হয়রানির শিকার হয়েছেন তিনি। এমনকি একপর্যায়ে সন্তানকে নিজের কাছে ফিরিয়ে আনার পরও পুনরায় তা কেড়ে নেওয়া হয় এবং তাকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ করেন তিনি।সর্বশেষ ২০২৬ সালের ১১ মার্চ হাইকোর্ট ৬ মাসের মধ্যে মামলার নিষ্পত্তি এবং সন্তান ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করেছে বলে তিনি জানান।মানববন্ধনের মাধ্যমে তিনি দেশবাসী, গণমাধ্যম, প্রশাসন, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও প্রধান বিচারকের কাছে আকুল আবেদন জানান—ন্যায়বিচারের মাধ্যমে দ্রুত তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক।