
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
ফেনীতে উৎসবমুখর পরিবেশে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব মিলনায়তনে কেক কেটে এ আয়োজনের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজলের সভাপতিত্বে এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন রুবায়েত বিন করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা এবং অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ আরও অনেকে। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং যমুনা টেলিভিশনের অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাংবাদিক সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি আবু তাহের, একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার নুরুজ্জামান সুমনসহ অন্যান্য সাংবাদিকরা যমুনা টেলিভিশনের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা এবং সাহসী সংবাদ পরিবেশনের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি আহসান উল্লাহ। পরে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, দেশের গণমাধ্যমে যমুনা টেলিভিশন একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
আয়োজকদের মতে, এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি উদযাপন নয়, বরং সাংবাদিকতার মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার একটি উপলক্ষ।