
জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া, ৭ এপ্রিল ২০২৬: বগুড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর পৃথক অভিযানে চাঞ্চল্যকর মমেনা বেগম (৭০) হত্যা মামলার দুই এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জেলাল হোসেন (৪২) এবং মোছাঃ স্বপ্না বেগম (৩৮)। তারা উভয়েই বগুড়া জেলার শিবগঞ্জ থানার হরিরামপুর জাবারীপুর এলাকার বাসিন্দা।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সকালে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মমেনা বেগমের বাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তর্ক-বিতর্কের একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে এবং এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মমেনা বেগম মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ ০৬/০৪/২০২৬)।
পরবর্তীতে মামলার আসামিদের গ্রেফতারে র্যাব-১২ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে বগুড়া জেলার গাবতলী থানাধীন পাঁচপাইকা হরিতলা এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে সকাল ৬টার দিকে জেলাল হোসেন এবং সকাল সাড়ে ৬টার দিকে স্বপ্না বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।