
মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুর খনন করে চলাচলের রাস্তায় মাটি স্তুপ করে রাখায় অন্তত ৫০টি বাড়ির মানুষের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। এতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমুহা পন্ডিতপাড়া এলাকায় কয়েকটি পাড়ার বাসিন্দারা চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় পুকুর খননের পর খননকৃত মাটি গ্রামের গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তায় ফেলে রাখা হয়। ফলে অন্তত ৫০টি পরিবারের সদস্যদের দৈনন্দিন যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, আশপাশের কয়েকটি পাড়ার সাধারণ মানুষও চলাচলে মারাত্মক সমস্যার মুখে পড়েন।
এ ঘটনায় ক্ষোভ ও দুর্ভোগের খবর পেয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী এবং স্থানীয় আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ।
পরিদর্শন শেষে ইউএনও সংশ্লিষ্টদের আগামী ৭ দিনের মধ্যে রাস্তার ওপর স্তুপ করে রাখা প্রায় ৫ ফুট পরিমাণ মাটি অপসারণ করে মানুষের চলাচলের জন্য পথ উন্মুক্ত করার নির্দেশ দেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও নির্ধারিত সময়ের মধ্যে রাস্তা চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর আশা, প্রশাসনের নির্দেশনা বাস্তবায়ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং স্বাভাবিকভাবে চলাচল পুনরায় শুরু হবে।