
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন তিন শিক্ষার্থী। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনশনরত এক শিক্ষার্থীর লুকিয়ে জুস খাওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে, অনশনরত অবস্থায় ওই শিক্ষার্থী নৈতিকতা পরিপন্থী কাজ করছেন।
তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণ ভুয়া। শনিবার (১১ এপ্রিল) ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম তাদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে যে, ঢাবিতে অনশনরত শিক্ষার্থীর লুকিয়ে জুস পানের দৃশ্য দাবিতে ছড়ানো ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি। কোনো স্বার্থান্বেষী মহল আন্দোলনকে বিতর্কিত করতেই এই ভুয়া ছবি ছড়িয়েছে।
অনশনে বসা তিন শিক্ষার্থী হলেন— ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।
অনশনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো: ১. গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও বাস্তবায়ন করা। ২. গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপন করা। ৩. গণভোট ও জুলাই সনদে উল্লিখিত বিষয়সমূহ বাস্তবায়নে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা।