
সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত
মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর সাপাহার উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
শোভাযাত্রা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য বৈশাখী উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একইসঙ্গে তিনি জরই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।
পরবর্তীতে বিকেলে উপজেলার হোসেন ডাঙ্গা গ্রামে ১১ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ সকল কর্মসূচিতে সাপাহার উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।