
নিজস্ব প্রতিবেদক, আলীকদম:
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য চট্টগ্রামের আলীকদমে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়।
১৪ এপ্রিল(মঙ্গলবার) সকালে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে নববর্ষের কর্মসূচি শুরু হয়।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
দিনব্যাপী আয়োজিত গ্রামীণ খেলাধুলার মধ্যে প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী কাবাড়ি ও বলি খেলা। এছাড়াও তৈলাক্ত বাঁশে আরোহন, মহিলাদের জন্য বাজনার তালে তালে বল নিক্ষেপ, মুরগি লড়াই, বেলুন ফোটানো, অন্ধের হাড়ি ভাঙা ও ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব খেলায় অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয় শিল্পী গোষ্ঠী ‘ঝিলিক’ ও ‘প্রতিভা শিল্পী গোষ্ঠী’র পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় নববর্ষের আনন্দ আরও বর্ণিল হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ হাসান, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন এবং চৈক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি স্থানীয়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধ প্রকাশ ঘটায়।