
জামালপুরে (৩৫ বিজিবি)’র অভিযানে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” — এই নীতিকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
১৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ব্যাটালিয়নের অধীনস্থ বড়াইবাড়ি বিওপির টহল দল সীমান্ত পিলার ১০৬৬/এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার বন্ধুর চর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মদ পরবর্তীতে জব্দ করা হয়।
জানা গেছে, জব্দকৃত মদ ধ্বংসের লক্ষ্যে রৌমারী থানায় হস্তান্তরের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি সূত্রে জানানো হয়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।