
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোটার ফেনী
ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের সহযোগিতায় ছাগল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
১ মে (শুক্রবার) বিকেলে ফুলগাজী উপজেলার ৪নং আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় চুরি হওয়া ছাগল উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। চোরদের ধাওয়া করতে গিয়ে স্থানীয় তিনজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দপুর ব্রিকফিল্ডের সামনে রাস্তার পাশ থেকে একটি ছাগল সিএনজিতে তুলে নিয়ে যাচ্ছিল তিনজন চোর। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করলে বন্দুয়া ব্রিজ এলাকায় সিএনজিটি থামানো হয়। এ সময় দুইজন পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মাঈনুদ্দিন হোসেন মুন্না (২২) ফেনী পৌরসভার ১৩নং ওয়ার্ডের বাসিন্দা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকা থেকে অপর দুই জন আসামি নুর নবী শান্ত (২৪) আব্দুল কাদের (২৩)-কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ফুলগাজী থানা পুলিশ।
এদিকে চোরদের ধাওয়া করতে গিয়ে মোহাম্মদ আইয়ুব, শাহজালাল ও শিপন আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার শিকার আনন্দপুর ইউনিয়নের বাসিন্দা ওয়াহিদুর রহমানের চুরি হওয়া ছাগল উদ্ধার করা হয়েছে।
ফুলগাজী থানায় এ ঘটনায় মামলা (নং-১, তারিখ: ২ মে ২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯/৪১১ ধারায় রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।