
পলাশে পাম্পের বাতাসে শিশু নিহত, এলাকায় শোক
জেলা প্রতিনিধি:(নরসিংদী)
মোঃমামুন মোড়ল,
নরসিংদীর পলাশ উপজেলায় পাম্পের বাতাসে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রামিম (৯) স্থানীয় চড়কান্দারী গ্রামের রিপন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া বাজারে রামিমের দাদা আমজাদ হোসেনের একটি চায়ের দোকান রয়েছে। একই বাজারে তার বাবারও একটি স্যানিটারি দোকান আছে। মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় রামিম দিনের বেশির ভাগ সময় বাজারেই কাটাতো এবং ব্যবসায়ীদের সঙ্গে খেলাধুলা করত।
বুধবার সকালে রামিম বাজারের একটি গ্যারেজে খেলতে যায়। এ সময় প্রতিবেশী লোকমান মিয়ার ছেলে গ্যারেজ কর্মচারী সবুজ মিয়া ও তার সহযোগী শফিকুল পাম্প মেশিনের মাধ্যমে রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এতে তার পেট ফুলে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং চিৎকার শুরু করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে রামিম মারা যায়।
গজারিয়া বাজারের ব্যবসায়ীরা জানান, রামিম সবার পরিচিত ও অত্যন্ত ভদ্র স্বভাবের ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের মা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সন্তানকে যারা এভাবে মেরেছে, আমি তাদের বিচার চাই।”
বাবা রিপন মিয়াও বলেন, “আমার ছেলে খুব সহজ-সরল ছিল। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।”
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।