
বাসাইলে কৃষি উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে কৃষাণ-কৃষাণীদের নিয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আশেক পারভেজ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী।
উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারিয়া জান্নাত প্রমুখ। এ সময় হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষাণ-কৃষাণী, খামারি, উন্নয়নকর্মী ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অংশীদারত্বমূলক উদ্যোগ গ্রামীণ কৃষি অর্থনীতিকে গতিশীল করছে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হচ্ছে।