
উর্বর কৃষি জমি বিনষ্ট করে ইটভাটায় মাটি বিক্রির অপরাধে মোবাইল কোর্টে কারাদণ্ড
ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সাইটশৈলা গ্রামে উর্বর কৃষিজমির মাটি কর্তন করে ইটভাটায় বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় একটি মাটিভর্তি ড্রাম ট্রাক ও আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জানান যে, তিনি কালিহাতি উপজেলার একুশে ব্রিকস নামক ইটভাটার জন্য কৃষিজমির মাটি সংগ্রহ করছিলেন। মোবাইল কোর্টের সম্মুখে অপরাধ উদ্ঘাটিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি স্বেচ্ছায় তার দোষ স্বীকার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০২৩ এর ১৫(১)(ক) ধারা অনুসারে আসামীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় আটককৃত ড্রাম ট্রাকটিকে আলামত হিসেবে জব্দ করে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয় এবং থানায় সংরক্ষণের জন্য নির্দেশ প্রদান করা হয়।