
বাসাইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০০ জন উপকারভোগীর হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রশাসন আয়োজিত এই মানবিক সহায়তা কার্যক্রম অসহায় মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।