
রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আ ট ক
সাহের আলী, রৌমারী উপজেলা প্রতিনিধি:
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” — এই প্রত্যয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় বুধবার (২৭ মে ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ পাথরেরচর বিওপি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১০৭৬/-২ এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমারের চর এলাকা থেকে আসামীবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ভারতীয় মদ দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় মাদক ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।