
সাপাহারে সরকারি আশ্রয়ণ প্রকল্পের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একাধিক বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার তিলনা ইউনিয়নের চন্দুরা আশ্রয়ণ গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আরিফ বিল্লাহ (২৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের মাঝখানে অবস্থিত একটি খাসপুকুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা সরকারি নিয়মে ইজারা পাওয়ার পর তাদের উচ্ছেদের উদ্দেশ্যে গত ২৪ মে রবিবার দুপুর ১২টার দিকে একদল ব্যক্তি হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, চন্দুরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে খয়বর আলী (৪০), আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলাম রুবেল (৩৫), জামাল উদ্দিন (৬৫), মৃত বাক্সের ছেলে হারুন (৫০), আব্দুল গফুর (৫০), মৃত মোতালেবের ছেলে মোকলেস (৪০), মৃত রায়হানের ছেলে আলহাজ জুয়েল (৪২), হেলাল হোসেন (৩৬), জিল্লুর রহমানের ছেলে করিম (৪০), কিনা মণ্ডলের ছেলে ফজলু (৪৫)সহ আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি এ হামলায় অংশ নেয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আশ্রয়ণ প্রকল্পের ১৭টি বসতবাড়ির মধ্যে ১০টি বাড়ির দরজা ও ঘরের টিন ভাঙচুর করে। এ সময় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দেলোয়ার হামলার প্রতিবাদ করলে তাকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেনি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হারুন অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি জানান, খাসপুকুরটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসার আলোচনা চলছে।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। অভিযোগকারীকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”