
প্রিয়জনদের ছেড়ে চেনা রাজপথেই কাটলো আরেকটি কোরবানি ঈদ
আরমান হোসেন ফয়সাল লোহাগাড়ার প্রতিনিধি
(চট্টগ্রাম) জেলা
পবিত্র কোরবানি ঈদ মানেই আনন্দ, ত্যাগ আর পরিবার-পরিজনের সাথে মিলেমিশে খুশি ভাগাভাগি করে নেওয়া। এই আনন্দের দিনে নাড়ির টানে যখন লাখো মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে প্রিয়জনদের কাছে ছুটে যান, তখন সম্পূর্ণ বিপরীত এক চিত্র দেখা যায় রাজপথে। সাধারণ মানুষের এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দেন ট্রাফিক পুলিশ সদস্যরা। সবার ঘরে যখন ঈদের উৎসবের আমেজ, ট্রাফিক পুলিশের তখন একটাই চেনা ঠিকানা—তপ্ত রাজপথ, গাড়ির তীব্র হর্ন আর কালো ধোঁয়া।
কোরবানি ঈদের দিন সকাল থেকেই লোহাগাড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের ক্লান্তিহীন ডিউটি। অন্যান্য পেশার মানুষ এই দিনে ছুটি পেলেও ট্রাফিক বিভাগের চিত্রটা ভিন্ন। তাদের ছুটি মেলেনি। কোরবানি ঈদের এই বিশেষ ত্যাগের দিনে প্রিয় সন্তানদের আবদার কিংবা বৃদ্ধ মা-বাবার মলিন মুখ পেছনে ফেলে তারা দাঁড়িয়ে আছেন সড়কের মোড়ে মোড়ে।
ডিউটিরত ট্রাফিক সদস্যে আকতারে সাথে কথা বলে জানা যায়, এক বুক চাপা কষ্টের কথা।
এক ট্রাফিক কনস্টেবল বলেন, ঈদের নামাজ শেষে যখন সন্তানরা ফোন করে জানতে চায়—বাবা তুমি কখন আসবে? তখন বুকের ভেতরটা কেঁদে ওঠে। কিন্তু আমাদের দায়িত্বটা অন্যরকম। মহাসড়কে যদি আমরা ১০ মিনিট দাঁড়িয়ে না থাকি, তবে হাজার হাজার মানুষের ঈদ যাত্রা থমকে যাবে। তাই নিজের কষ্ট আড়াল করে দেশ ও মানুষের সেবাকেই প্রাধান্য দিতে হয়।
জানা যায়, ঈদের দিন সকালে ব্যারাকে বা ডিউটি পোস্টের কাছাকাছি কোনো মসজিদে কোনো রকমে ঈদের নামাজ শেষ করেই তাদের নেমে পড়তে হয়েছে দায়িত্ব পালনে। মায়ের হাতের ঈদের সেমাই কিংবা পরিবারের সাথে কোরবানির মাংস কাটার আনন্দ তাদের ভাগ্যে জোটে না। দুপুরের কড়া রোদ কিংবা হঠাৎ নামা বৃষ্টি—সবকিছু উপেক্ষা করে দূরপাল্লার যানবাহন ও পশুবাহী গাড়ির জটলা সামলাতেই কেটে যায় তাদের পুরো দিন। দুপুরের দিকে ডিউটি পোস্টের পাশেই কোনো গাছের ছায়ায় বা ফুটপাতে দাঁড়িয়েই চলে তাদের নামমাত্র দুপুরের খাবার গ্রহণ।
বিকেলের দিকে যখন একটু ফুসরত মেলে, তখন পকেট থেকে স্মার্টফোনটি বের করে ভিডিও কলের মাধ্যমে দূরগ্রামে থাকা স্ত্রী, সন্তান ও মা-বাবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অনেকে। স্ক্রিনে প্রিয়জনদের দেখে চোখের কোণে