
শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলা, আহত ২
(আব্দুর রহমান স্টাফ রিপোর্টার কুষ্টিয়া)
কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (০১ জুন ২০২৬) আছরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় আহত হয়েছেন মুফতি আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তাদের গাড়িচালক সাদ্দাম হোসেন। অভিযোগ উঠেছে, হাসাদাহ বাজার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন এ হামলার সঙ্গে জড়িত।
আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে তার দুলাভাই সংসদ সদস্য মুফতি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি তার বোনসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। বারবার হর্ন বাজিয়েও রাস্তা না ছাড়ায় গাড়িচালক সাদ্দাম হোসেন নিচে নেমে বিষয়টি নিয়ে কথা বলতে যান।
এ সময় ইজিবাইকে থাকা ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে হামলার ঘটনা ঘটে। এতে আবু বক্কর ও গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জীবননগর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের একটি দল ঘটনাস্থলে দায়িত্ব পালন করে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি মুফতি আমির হামজাসহ তার পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শুরু করেছে।