
আবহাওয়া অফিসের সতর্কবার্তা: ৬ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস
মোঃ শাহিনুর রহমান আকাশ স্টাফ রিপোর্ট
দেশের কয়েকটি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ছয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা নৌযান ও নদীপথে চলাচলকারী সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।