
পিরোজপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার।
সৈয়দ আল রাজী,জেলা প্রতিনিধিঃ পিরোজপুর।
পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠী এলাকায় ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে প্রতিবেশী ওই শিশুকে তার ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।