
কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫
মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার সদর থানা এলাকায় স্কুলপড়ুয়া এক ১৬ বছরের নাবালিকা শিক্ষার্থীকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি রিয়াজ উদ্দিন আরফাত (২৪)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। সে স্কুলে যাতায়াতের পথে ঝিলংজা এলাকার বাসিন্দা রিয়াজ উদ্দিন আরফাত তাকে বিভিন্ন সময় প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান যে, ভিকটিম প্রায় ২৮ সপ্তাহের গর্ভবতী।
উক্ত ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পরিবার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর থেকেই আসামি গ্রেফতারে র্যাব-১৫ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০৬ জুন ২০২৬ খ্রি. রাত ২২:১০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন কলাতলী রোডস্থ ‘আলগনি হোটেল’ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালীন সময়ে মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি রিয়াজ উদ্দিন আরফাত-কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামি রিয়াজ উদ্দিন আরফাত (২৪) কক্সবাজার সদর থানাধীন ঝিরঝিরি পাড়া, চন্দ্রিমা মাঠ, ঝিলংজা ০১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভার আইয়ুব বাবুর্চির ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।