
র্যাব-১২ এর অভিযানে ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
শনিবার (৭ জুন) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে বগুড়া জেলার শাজাহানপুর থানার শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বগুড়া জেলার নন্দীগ্রাম থানার গোছন গ্রামের মৃত আফসার ফকিরের ছেলে। তিনি নন্দীগ্রাম থানার একটি ধর্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১০) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। অভিযুক্তের মুদি দোকান ভিকটিমের বাড়ির পাশে হওয়ায় সে প্রায় এক মাস ধরে শিশুটিকে বিনা টাকায় খাবার দিত। গত ১৯ মার্চ দুপুরে নতুন জামা ও মেহেদী দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়।
পরে এ ঘটনায় নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।