
সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
মোঃ হামিদুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
গত ৫ জুন শুক্রবার উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।
র্যালি শেষে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা ফারহানা ঊর্মি, জাহাঙ্গীর আলম ও নাসরিন আক্তার। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।