
ধামরাইয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন,বিতরণ হবে ৩০ হাজার চারা
মোঃ উজ্জল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধামরাইয়ে শুরু হলো বিশাল কর্মযজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় ঢাকার ধামরাই উপজেলায় চারা রোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই সবুজায়ন প্রকল্পের শুভ সূচনা করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। তিনি নিজে একটি ফলজ ও একটি ওষুধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।
’
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন বলেন,জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীর এই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি যুগান্তকারী এবং দূরদর্শী পদক্ষেপ। সবুজ বেষ্টনী গড়ে তোলার এই মহাপরিকল্পনা সফল করতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আমরা ধামরাইকে একটি সবুজ, সুন্দর ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”তিনি পরিবেশ রক্ষায় গাছের অপরিসীম গুরুত্ব তুলে ধরে উপজেলার প্রতিটি নাগরিককে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেটির পরিচর্যা করার উদাত্ত আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের এক মিলনমেলা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা টেকসই পরিবেশের জন্য বনায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ধামরাই,
মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার (ভূমি), ধামরাই।মোঃ গোলাম নবী, সচিব,ধামরাই পৌরসভা।শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধামরাই থানা বিএনপি,আতিকুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি,মোঃ আনোয়ার জাহিদ তালুকদার,সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি,মোঃ আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি,ইঞ্জিঃ মারুফ শিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি।
ধামরাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, কৃষক এবং সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে ৩০,৮০০টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, এটি কেবল উপজেলা সদরেই সীমাবদ্ধ থাকবে না। সবুজায়নের এই জোয়ার ধামরাইয়ের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে সব এলাকায় চারা বিতরণ ও রোপণ কার্যক্রম আরও জোরদার করা হবে যাতে প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ শতভাগ সফল হয়।