
বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে টাঙ্গাইলের বাসাইলে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের এই উদ্যোগের ধারাবাহিকতায় চলতি বছরে বাসাইল উপজেলায় প্রথম পর্যায়ে ৪ হাজার গাছের চারা রোপণ করা হবে।
শনিবার (১৩ জুন) বিকালে বাসাইল উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেন, “সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ বছর ৫ কোটি চারা রোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজ এই কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন; আমি তাঁর নির্দেশনা অনুসরণ করে বাসাইল-সখীপুরে এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছি।”
এ সময় বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো: রুবেল মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।