
রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে আসামীবিহীন ভারতীয় ইয়াবা আটক
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়”— এই প্রত্যয়কে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
আজ ১৬ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)-এর অধীনস্থ বালিয়ামারী বিওপি একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১০৭২/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়াঘাট এলাকায় আসামীবিহীন অবস্থায় ৬৪০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
জানা গেছে, জব্দকৃত ভারতীয় ইয়াবাগুলো চর রাজিবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তী সময়ে ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও সব ধরনের অবৈধ পাচার প্রতিরোধে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।