
বিয়ের আশ্বাসে প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিয়ে না করায় মামলা লৌহজংয়ে যুবক গ্রেপ্তার
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার যুবকের নাম করমন ঢালী (২২)।
তিনি উপজেলার কনকসার ইউনিয়নের ধীৎপুর এলাকার নওশেদ ঢালীর ছেলে।থানা সূত্রে জানা যায়,ভুক্তভোগী তরুণী (১৮) লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে তিনি উল্লেখ করেন,করমন ঢালীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।এ সম্পর্কের সূত্র ধরে অভিযুক্ত তাকে বিয়ের আশ্বাস দেন।
বিয়ের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তরুণী তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন।এ সুযোগে অভিযুক্ত বিভিন্ন সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী,সর্বশেষ গত ২১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত তার বাড়ির একটি ছাপড়া ঘরে যান।সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।পরবর্তীতে তরুণী বিয়ের বিষয়টি নিয়ে কথা বললে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানান।
এরপর ভুক্তভোগী আইনের আশ্রয় নিয়ে লৌহজং থানায় মামলা দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে করমন ঢালীকে গ্রেপ্তার করে।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বোরহান উল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন,ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।পুলিশ জানিয়েছে,তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।