
হোসেনপুরে নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরতে হয়েছে ,
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরতে হয়েছে সায়মা (১০) নামের এক কিশোরীকে। সে ময়মনসিংহ জেলার পাগলা থানার পাচুলি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার (১৬ জুন)দুপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের হাজীবাড়ির কাছে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে তাঁর এ মৃত্যু হয় বলে জানা যায়। সে ওই সাহেবের চর গ্রামের হাজীবাড়ির সিরাজ খাঁন এর মেয়ের দিকের নাতনি হওয়ার সুবাদে ওইখানে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গেলে তার মৃত্যু হয়।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১২ টার দিকে অন্যদের সাথে নদীতে গোসলে নামে ওই কিশোরী। এক পর্যায়ে স্রোতের টানে তলিয়ে গেলে নিখোঁজ হয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘন্টা ব্যাপি ডুবিয়ে পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক আবু সায়েম জানান, হাসপাতালে আনার আগেই সায়মার মৃত্যু হয়।