
কুষ্টিয়ার মিরপুরে ধইঞ্চাক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার।
(আঃ রহমান: স্টাফ রিপোর্টার)
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি ধইঞ্চাক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (প্রায় ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের মুল্লিকপাড়া কবরস্থান সংলগ্ন মাঠের একটি ধইঞ্চাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় লোকজন মাঠের মধ্যে ধইঞ্চা গাছের আড়ালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি মিরপুর থানায় জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে মৃত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ধারণা, মরদেহটি অল্প কিছু সময় আগেই সেখানে ফেলে রাখা হতে পারে। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি আজকের দিনেরই হতে পারে।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানাতে কেউ তথ্য জানলে মিরপুর থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।