
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত
মোঃ হামিদুর রহমান, ভ্রাম্যমাণ নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, সমন্বয় এবং করণীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ (THRIVE) প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। তিনি দুর্যোগকালীন সময়ে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার করে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা এলজিইডির কর্মকর্তা তাহাজ্জুদ ইসলাম, থ্রাইভ প্রকল্পের অ্যাডভোকেসি কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার ফারহানা ঊর্মি, জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, জরুরি সাড়া প্রদান, ত্রাণ কার্যক্রম, উদ্ধার তৎপরতা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দুর্যোগ ঝুঁকি হ্রাসে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।