
নকলায় কবিতা ও ছোটগল্প প্রতিযোগিতায় অংশ নিল ৫০ শিক্ষার্থী
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলায় ক্ষুদে শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় উৎসাহিত করতে কবিতা ও ছোটগল্প প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ, শেরপুর জেলা শাখার উদ্যোগে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ি এলাকায় অবস্থিত শেকড় পাবলিক স্কুলে এ আয়োজন করা হয়।
শেকড় পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ, শেরপুর জেলা শাখার সভাপতি কবি, সাংবাদিক ও সংগঠক এ এম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইটকান্দি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কবি তারেক আহসান।
এ সময় আরও বক্তব্য দেন বানেশ্বর্দী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক কবি আবু রায়হান এবং শেকড় পাবলিক স্কুলের শিক্ষিকা সাদিয়া খাতুনসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে কবি তারেক আহসান বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের সাহিত্যচর্চার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। ছোটবেলা থেকেই শিশুদের সাহিত্যচর্চায় সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে তাদের মধ্য থেকেই কবি ও সাহিত্যিক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি সাহিত্যচর্চার এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিযোগিতায় মোট ৫০ জন শিক্ষার্থী কবিতা ও ছোটগল্প বিভাগে অংশ নেয়। দুই বিভাগে তিনজন করে মোট ছয়জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।
কবিতা বিভাগে বিজয়ীরা হলেন-প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আহনাফ হোসেন আদিল, দ্বিতীয় স্থান অর্জন করে চতুর্থ শ্রেণির ইলমা সুলতানা এবং তৃতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির মরিয়ম আক্তার।
ছোটগল্প বিভাগে বিজয়ীরা হলেন-প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির রাবিয়া আক্তার রিয়া, দ্বিতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির ইসরাত জাহান সেতু এবং তৃতীয় স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির মরিয়ম আক্তার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।