
কক্সবাজারে যাত্রীবাহী বাসে ১৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের লিংক রোড এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মুহুরীপাড়া রেলক্রসিং-সংলগ্ন আলম মটরসের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারগামী একটি স্টার লাইন এসি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে আনুমানিক ১৮ কেজি অবৈধ গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বান্দরবান সদর থানার কালাঘাটা এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে সুলতান আহমদ (৬৪), কক্সবাজারের উখিয়া থানার থাইংখালী জামতলী এলাকার মফিজুর রহমান ও দিলুয়ারা বেগমের মেয়ে রাজিয়া বেগম (২৮) এবং ফেনীর সোনাগাজী থানার আড়কাইম এলাকার মৃত আলী আহমদের ছেলে নুরুল আমিন (৫০)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা গাঁজা ও অন্যান্য আলামতসহ তাঁদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।