
কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু
নৃপেন হালদার, উপজেলা প্রতিনিধি, (কোটালীপাড়া গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শনি ও রোববার উপজেলার দিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরেক যুবক অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মৃত মনোতোষ হালদার (৩৮) দিঘলীয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে ও কৃষ্ণকান্ত বাড়ৈ(৩৪)একই গ্রামের গেদু বাড়ৈর ছেলে।
জানা গেছে, গত শুক্রবার ষষ্ঠী পূজার দিন রাতে দিঘলীয়া গ্রামের মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মিলে মদ্যপান করেন।মদ্যপান করার পরে ওই তিন যুবক অসুস্থ হয়ে পড়লে এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপ্লেক্সে এই তিন যুবকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরবর্তীতে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মনোতোষ হালদার ও রবিবার সোহরাওয়ার্দী হাসপাতালে কৃষ্ণকান্ত বাড়ৈ মারা যায়। মৃত কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ বলেন,দুর্গাপূজা উপলক্ষে কৃষ্ণকান্ত সহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের গ্রাম খাগবাড়ি যায়। সেখানে গিয়ে কয়েকজনে মদ্যপান করে। মদ্যপানে কয়েক ঘন্টা পর অসুস্থ হয়ে আমরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করি। গত রবিবার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ব্যাপারে আমরা থানায় কোন অভিযোগ দায়ের করিনি। এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।