
সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ; গোপনে গার্ড অব অনার
নিজস্ব প্রতিবেদকঃ-
মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ঢাকা।
জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সাক্ষী মানিক পশারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ পিরোজপুর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হলে দাফনে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।
পরে উপজেলা প্রশাসন মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পুলিশি পাহারায় পিরোজপুর পুলিশ লাইনে নিয়ে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে সেখানে সাংবাদিকসহ অন্যদের প্রবেশে বাধা দেওয়া হয়।
একটি সূত্রের দাবি, শনিবার বিকেলে মানিক পশারীকে গোপনে গার্ড অব অনার দেওয়া হয়েছে। তবে কোথায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর দাফন কোথায় হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাঁকে নিজ বাড়িতে দাফনের চেষ্টা চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে পিরোজপুরের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০০৯ সালের ১২ আগস্ট মানিক পশারী পিরোজপুর থানায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। পরে ওই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে চলা মূল মামলার সঙ্গে যুক্ত হয়।
বিচার চলাকালে মানিক পশারী রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তিনি নিজেকে সংশ্লিষ্ট ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছিলেন।
সার্বিক সহযোগীতায়ঃ-
মোঃ আব্দুল খালেক ধামরাই উপজেলা প্রতিনিধি।