
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া রাঙ্গালির কুটি গ্রামে একটি ব্রিজকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্রিজের দুই পাশে পানি প্রবাহ বন্ধ করে সেখানে মাছ চাষের উদ্যোগ নিয়েছে।
অভিযোগ অনুযায়ী, আক্তার হোসেন মাস্টার, সফিকুল মোল্লা, লতিফ মাস্টারসহ মোট ৯ জন ব্যক্তি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা আরসিসি (RCC) কাঠামো ব্যবহার করে ব্রিজের নিচ দিয়ে পানি চলাচলের পথ আটকে একটি স্থায়ী পানিরোধী ব্যবস্থা গড়ে তুলছেন। ইতোমধ্যে সেখানে নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানা গেছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, এর ফলে প্রায় ৫০ থেকে ১০০ একর দো-ফসলি জমি চরম ক্ষতির মুখে পড়তে পারে। পাশাপাশি স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, বর্ষা মৌসুমে এমনিতেই এই এলাকা বন্যাপ্রবণ। এখন যদি পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়, তাহলে পানির চাপ বেড়ে ব্রিজটির স্থায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। পরিস্থিতির প্রেক্ষিতে গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে মাননীয় সংসদ সদস্যের তদন্ত সুপারিশ চেয়ে একটি লিখিত অভিযোগ প্রস্তুত করা হয়। পরে ১৫ এপ্রিল ২০২৬ তারিখে স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান তা ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নিকট জমা দেন।
তবে অভিযোগ দায়েরের পরও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে স্থানীয়দের অভিযোগ।
নির্মাণকাজ অব্যাহত থাকায় দিন দিন বাড়ছে ক্ষোভ ও উৎকণ্ঠা। কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।