
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সুষম খাদ্য ও পুষ্টি সচেতনতার বার্তা প্রদান
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ফেনী জেলায় এতিম শিশুদের জন্য বিশেষ পুষ্টি কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিনের ধারাবাহিকতায় শুক্রবার (২৪ এপ্রিল) ফেনী সদর উপজেলার আলোকদিয়া এলাকায় অবস্থিত জামেয়া এমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মান্যবর পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম. সোহরাব আল হোসাইন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. মো. ইমাম হোসেনসহ অন্যান্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
অনুষ্ঠানে শিশুদের মাঝে সুষম খাদ্যের বিভিন্ন উপাদানসমৃদ্ধ পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। একইসঙ্গে তাদের সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক পুষ্টির বিকল্প নেই এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপস্থিত অতিথিরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পুষ্টি চাহিদা পূরণে এই উদ্যোগকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।
সার্বিকভাবে, জাতীয় পুষ্টি সপ্তাহের এই আয়োজন স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে পুষ্টি বিষয়ে সচেতন হতে উৎসাহিত করেছে।